আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ : অবকাঠামো নির্মাণ কাজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম

জামালপুরে সদ্য প্রতিষ্ঠিত শেখ হাসিনা মেডিক্যাল কলেজের বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ২ জুন দুপুরে এর প্রশাসনিক, একাডেমিক ও আবাসিক ভবনসহ ১৪টি ভবন নির্মাণ কাজ পরিদর্শন করে দ্রুত এবং ভালোমানের কাজ করার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৪৫৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে এসব ভবন নির্মাণ করা হচ্ছে।

জানা গেছে, জামালপুর জেলাবাসীর দাবির প্রেক্ষিতে এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের প্রচেষ্টায় জামালপুরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অনুমোদন পাওয়ার পর ২০১৪-২০১৫ শিক্ষা বর্ষ থেকে এই কলেজে শিক্ষার্থী ভর্তি, পাঠদান ও অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে। চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত এখানে চারটি ব্যাচে শিক্ষার্থীরা পড়াশোনা করছে। প্রতি ব্যাচে শিক্ষার্থী রয়েছে ৫১ জন করে। জামালপুর জেনারেল হাসপাতালের কয়েকটি ভবনে বর্তমানে নানা সমস্যা ও সীমাবদ্ধতার মধ্যে শিক্ষার্থীদের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।


এই মেডিক্যাল কলেজের জন্য জামালপুর শহরের নতুন বাইপাস সড়কের পাশে মনিরাজপুর এলাকায় ৩০ একর জমি অধিগ্রহণ করা হয়। ২০১৬-২০১৭ অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সেই ৩০ একর জায়গাজুড়ে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা গণপূর্ত অধিদপ্তর দরপত্র আহ্বান করে। প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৪৫৬ কোটি ৭২ লাখ টাকা। পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৭ সালের আগস্ট থেকে বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১০ জানুয়ারি এর উদ্বোধন করেন এবং স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম ২০১৭ সালের ১০ নভেম্বর এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৯ সালের জুন মাসের মধ্যে এর অবকাঠামো নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

নির্মাণাধীন অবকাঠামোর মধ্যে রয়েছে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, হাসপাতাল ভবন, ছাত্রাবাস, ছাত্রীনিবাস, ইন্টার্ন ডক্টর্স ডরমেটরি পুরুষ ও মহিলা, স্টাফ নার্স ডরমেটরি, টিচিং মর্গ, ইমারজেন্সি স্টাফ ডরমেটরি পুরুষ ও মহিলা, নার্সিং কলেজ, নার্সদের হোস্টেল, বৈদ্যুতিক সাব-স্টেশন ভবন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টার, মসজিদ ও খেলার মাঠসহ ১৪টি ভবনের কাজ চলমান রয়েছে।

এ দিকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ২ জুন দুপুরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে নির্মাণাধীন বিভিন্ন ভবন পরিদর্শন করেন। এ সময় শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর চিকিৎসক মো. আব্দুল ওয়াকিল, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোবারক হোসেন ও প্রকল্পের ঠিকাদারবৃন্দ তার সাথে ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মির্জা আজম এই প্রকল্প সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন। বৈঠকে তিনি জানান, আগামী বছরের জুন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু বর্তমান সরকারের সময়ের মধ্যে যাতে অন্তত নতুন ভবনে শিক্ষার্থীদের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু করা যায় এ জন্য দ্রুতগতিতে এবং ভালোমানের কাজ করার জন্য নির্দেশ দেন তিনি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال