আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

খাদ্য অধিকার আইন প্রণয়নে যুব ছায়া সংসদের ৬ষ্ঠ অধিবেশন অনুষ্ঠিত

মেহেদী হাসান স্মরণ, ঢাকা॥
দেশের যুব সমাজের মধ্যে সংসদীয় গণতন্ত্র চর্চা বৃদ্ধি এবং খাদ্য অধিকারসহ জনগুরুত্বপূর্ণ বিষয়সমূহে যুব সমাজকে সম্পৃক্ত করার কৌশল হিসেবে যুব ছায়া সংসদ পরিচালিত হচ্ছে। এটি একটি স্বেচ্ছাব্রতী জাগরণী মঞ্চ।

বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় রীতি মোতাবেক ৩০০টি আসনের বিপরীতে ৩০০ জন প্রতিনিধি এবং ৫০ জন সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিসহ যুব ছায়া সংসদে উপস্থিত থেকে আনীত বিষয়বস্তুর উপরে নিজেদের মতামত তুলে ধরে। এভাবে তারা জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়বস্তুতে নিজেদের মতামত প্রতিফলিত করে আগামীদিনের দায়িত্বশীল নেতৃ হিসেবে গড়ে উঠছে।

এর ধারাবাহিকতায় সকল নাগরিকের খাদ্য অধিকার নিশ্চিত করার অভিপ্রায়ে অবিলম্বে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেচ্ছাব্রতী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গার এবং ড্যান চার্চ এইড এর আয়োজনে এবং ৫১টি সংগঠনের সহ-আয়োজনে যুব ছায়া সংসদের ৬ষ্ঠ অধিবেশন অনুষ্ঠিত হলো।

আয়োজিত যুব ছায়া সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী পরিষদের সভাপতি সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ দারা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী পরিষদের সভাপতি ও সাবেক আইনমন্ত্রী সংসদ সদস্য আইনজীবী আব্দুল মতিন খসরু। অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সংসদ সদস্য নূরুল ইসলাম ওমর, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী পরিষদের সদস্য সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, দৈনিক সমকাল এর উপ-সম্পাদক মোজাম্মেল হোসেন মনজু, কথা সাহিত্যিক আনিসুল হক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির চেয়ারম্যান মো. সবুর খান ও খাদ্য অধিকার বাংলাদেশ এর সম্পাদক মহসিন আলী।

অধিবেশনে ৩৫০ জন প্রতিনিধির পক্ষে ২৫ জন যুব সাংসদ খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে তাদের প্রস্তাবিত সুপারিশমালা তুলে ধরেন। এছাড়াও যুব ছায়া সংসদ অধিবেশনের সমাপনী পর্বে মঙ্গলবার বিকেলে “খাদ্য অধিকার আইন” প্রণয়নের দাবিতে ১ লাখ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়। সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ।

যুব প্রতিনিধিরা জানান, পৃথিবীর অনেক দেশেই সরকারি পৃষ্ঠপোষকতায় “যুব ছায়া সংসদ” পরিচালিত হয়। উন্নয়নের রোল মডেল খ্যাত বাংলাদেশেও “যুব ছায়া সংসদ” জাতীয় সংসদের সার্বিক তত্ত্বাবধানে এবং পৃষ্ঠপোষকতায় নিয়মিতভাবে পরিচালনার জন্য যুব প্রতিনিধিরা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

তারা আরও জানান, যুব ছায়া সংসদ সকলের সম্মিলিত প্রয়াস। দেশের সকল মানুয়ের প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাদ্যের অধিকার অর্জনে তারা সকলের সহযোগিতা চান। তারা অবিলম্বে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবী জানান।

ছবি পরিচিতি :  ঢাকায় অনুষ্ঠিত খাদ্য অধিকার আইন প্রণয়নে যুব ছায়া সংসদের ৬ষ্ঠ অধিবেশন। ছবি : মেহেদী হাসান স্মরণ
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال