শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে ১ নভেম্বর বুধবার দুপুরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল- সহায়তা নয়, বাণিজ্যই বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি।
জানা গেছে, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং তার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সেমিনারে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শারমিন জাহান সোমা, জান্নাতারা জ্যোতি, আব্দুল্লাহ শেখ, মুন্নি আক্তার ও আবু নাহিদ সেমিনারের মূল আলোচ্য বিষয়ের পাঁচটি দিক নিয়ে আলোচনা করেন। আলোচ্য বিষয়গুলো ছিল হলো : ১. বাণিজ্য ও সাহায্যের ধরন। ২. বাংলাদেশের সমসাময়িক অর্থনীতি ও বাণিজ্যের গুরুত্ব। ৩. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে বাণিজ্যের ভূমিকা এবং ইউরোপিয়ানদের সাথে বাণিজ্যিক সম্পর্ক। ৪. বৈদেশি সাহায্যের ইতিবাচক ও নেতিবাচক দিক। ৫. বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস খাত ও বৈদেশিক মুদ্রা অর্জন।
পরে সেমিনারের মূল বিষয়ের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির নিবন্ধক অধ্যাপক মাসুম আলম খান, জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের উপাধ্যক্ষ বিলকিস রাবেয়া, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদ হোসেন, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক শেখ নাজমুল হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মিরাজুল ইসলাম ও একই বিভাগের ছাত্রী নাফিছা তাসনিম প্রমুখ।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

